জামায়াত আমির ডা. শফিকুর রহমানের একটি টুইটার (এক্স) স্ট্যাটাস ঘিরে বিতর্কের রেশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি) জানিয়েছেন, ওই স্ট্যাটাস নিয়ে তার ফেসবুক ইনবক্সে বার্তার ‘সুনামি’ নেমে এসেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন তিনি। সেখানে মোনামি লেখেন, মাইগ্রেনের তীব্র ব্যথার কারণে আগের রাতে তিনি দ্রুত ঘুমিয়ে পড়েছিলেন। ভোরে উঠে দেখেন, জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে তার ইনবক্স ভরে গেছে অসংখ্য বার্তায়।
স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “আমার তো একটা সন্তান আছে, স্কুলে পাঠালাম। চাকরি আছে, সেখানে যাওয়ার জন্য রেডি হবো। তার আগে আজকের দিনের রান্না, ঘরের কাজ গুছাবো।” এরপর সময় পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় বসবেন বলেও উল্লেখ করেন তিনি।
ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মোনামি লেখেন, কে কী বললেন, কেন বললেন—এসব চর্চা পরে করবেন। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যেহেতু তার কাছে জবাবদিহিতা চাওয়া ছাড়া অনেকের দিন-রাতে আর কোনো কাজ নেই, তাই একটু অপেক্ষা করাই শ্রেয়।
উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায় বলে অভিযোগ ওঠে। পরে পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, সাইবার হামলার মাধ্যমে অনাকাঙ্ক্ষিত ওই পোস্ট প্রকাশিত হয়েছে। দলটির দাবি, এটি জামায়াত আমিরের কোনো বক্তব্য বা অবস্থান নয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ডা. শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলসহ দলের কয়েকজন শীর্ষ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সম্প্রতি সাইবার হামলার ঘটনা ঘটেছে। স্বল্প সময়ের জন্য প্রকাশিত ওই পোস্ট সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলেও দাবি করেন তিনি।











