জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতুকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই নানারকম তথ্য প্রচার হয়ে থাকে। যার অধিকাংশই ভিত্তিহীন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে মাহমুদা নাকি দুইবার বিয়ে করেছেন। প্রথম স্বামী তালাক দেওয়ার পর নাকি দ্বিতীয় বিয়ে করেছেন।
এই গুজবের জবাব দিয়েছেন ডা. মাহমুদা মিতু। তিনি নিজের ফেসবুকে সেই পোস্টটি শেয়ার করে লিখেছেন, বিয়ের বয়স ১৭ বছর। দুইটি মেয়ে আছে। তিনি জানান, তার সংসার জীবন সুন্দরভাবে চলছে এবং তিনি স্বামীর সাপোর্টেই রাজনীতি করছেন।
মাহমুদা মিতু বলেন, “আল্লাহর কসম, ১৭ বছরে স্বামীর সঙ্গে মনমালিন্য হলেও এক ঘণ্টা রাগের ইতিহাসও নেই। আর দুই বিয়ে তো দূরের কথা। আল্লাহ এদের হেদায়েত দিন, যেন দুনিয়ায় আর কোনো নারীকে নিয়ে মিথ্যা প্রচার করার সাহস না পায়।”
ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছিলেন। পরে তা প্রত্যাহার করে দেন। ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি।











