আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ডিএমপি প্রণীত নিরাপত্তা পরিকল্পনা ও সামগ্রিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, ভোটকেন্দ্রে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। থানা এলাকা থেকে দূরবর্তী ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি থানা এলাকায় নিয়মিত পুলিশি টহল আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে। সে বিষয়টি মাথায় রেখে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন ঘিরে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য।
সমন্বয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিএমপির সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন মতামত তুলে ধরেন এবং কমিশনার প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।











