বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গেছে প্রায় সাত বছর। সেই সময়ের বিতর্ক, ট্রোলিং, আইনি জটিলতা ও মানসিক চাপে তার তৎকালীন বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন কার্যত ওলটপালট হয়ে যায়। তবে এত কিছুর পরও প্রেম ও ভালোবাসার ওপর বিশ্বাস হারাননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকার ও অনুষ্ঠানে রিয়া স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এখনো ভালোবাসায় বিশ্বাস করেন এবং নতুন করে জীবন শুরু করতে চান। এ কথা বলতেই নতুন প্রেমের গুঞ্জন ঘুরপাক খেতে শুরু করেছে বলিউড অঙ্গনে।
রিয়া বলেন, ‘আমি এখনো ভালোবাসায় বিশ্বাস করি। জীবনে অনেক খারাপ সময় গেছে, কিন্তু তাতে আমার প্রেমের ওপর বিশ্বাস নষ্ট হয়নি।’ তার মতে, অতীতের অভিজ্ঞতা তাকে আরও বাস্তববাদী মানুষ করে তুলেছে।
সুশান্তের মৃত্যুর পর তাকে ঘিরে তৈরি হওয়া তীব্র সমালোচনা ও জনরোষ তার কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সেই সময়ের কথা স্মরণ করে রিয়া বলেন, ‘একটা সময় ছিল, যখন প্রায় কেউই আমার সঙ্গে কাজ করতে চাইছিল না।’
তিনি স্বীকার করেন, তখন তিনি নিজেও নিশ্চিত ছিলেন না, সেই পরিস্থিতি থেকে আদৌ বেরিয়ে আসতে পারবেন কি না। তবে একই সঙ্গে জানান, কঠিন সময়ে কিছু মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন।
রিয়ার ভাষায়, ‘যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন কিছু মানুষ আমার পাশে ছিল। তাদের সমর্থনই আমাকে আবার ঘুরে দাঁড়াতে সাহস দিয়েছে।’
এই সহানুভূতি ও ভরসাই ধীরে ধীরে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করেছে। রিয়া আরও বলেন, ‘অতীত আমাকে ভেঙেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে আমাকে আরও শক্তও করেছে।’
তার বক্তব্যে স্পষ্ট, অতীতের বিতর্কে আটকে না থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চান তিনি। আর সেখান থেকেই নতুন প্রেমের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।











