দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কনসার্ট করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন ‘ধুরন্ধর’ ছবির গায়িকা জেসমিন স্যান্ডলস। অনুষ্ঠান চলাকালীনই কিছু নারী দর্শক হেনস্তার শিকার হলে ক্ষোভে গান বন্ধ করে সরাসরি প্রতিবাদ জানান তিনি। ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে নিরাপত্তারক্ষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন জেসমিন। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “যেখানে নারীরা নিরাপদ নয়, সেখানে আমি অনুষ্ঠান করি না।” তার এই মন্তব্যে দর্শকদের একাংশ করতালিতে সমর্থন জানান। পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
জানা গেছে, কনসার্ট চলাকালীন দুই যুবক আশপাশের নারী দর্শকদের সঙ্গে অসদাচরণ শুরু করেন। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেন জেসমিন। তার হস্তক্ষেপে নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দুই যুবককে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় গান শুরু করেন গায়িকা।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ ছবির জনপ্রিয় গান ‘শরারত’-এ কণ্ঠ দিয়েছেন জেসমিন স্যান্ডলস ও মধুবন্তী বাগচী। দিল্লির এই কনসার্টেও সেই গান পরিবেশন করেন তিনি। মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী আয়েশা খান, যার উপস্থিতি দর্শকদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে।
অনুষ্ঠান শেষে দিল্লির দর্শকদের ধন্যবাদ জানিয়ে জেসমিন বলেন, “শিল্পীদের পাশাপাশি দর্শকদের নিরাপত্তাও সমান গুরুত্বপূর্ণ।” তার এই অবস্থান ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।











