জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে নিজের মনোনয়ন প্রত্যাহারের পর জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হকের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তাকে জামায়াতের নির্বাচনী মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। ভিডিওতে ডা. মাহমুদা মিতুকে হাত মাইকে স্লোগান দিতে শোনা যায়—‘নারায়ে তাকবীর’, এ সময় তার পেছনে থাকা নেতাকর্মীরা ‘আল্লাহু আকবর’ স্লোগানে সাড়া দেন।
ভিডিওটি শেয়ার করে ডা. মাহমুদা মিতু বলেন, দাঁড়িপাল্লার এই প্রচারণাকে তিনি দায়িত্ব হিসেবে নিয়েছেন। এই দায়িত্ব পালনের কারণে তাকে নানা ধরনের কটূক্তি ও নোংরা মন্তব্যের মুখে পড়তে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তবে তার ভাষ্য অনুযায়ী, জামায়াতের হাজারো নেতাকর্মী মাঠে থেকে প্রচারণা চালাচ্ছেন, সে তুলনায় তার কষ্ট সামান্য।
তিনি আরও বলেন, ‘এনসিপি আমার ভালোবাসা, আর ঐক্যবদ্ধ জোট আমার দায়িত্ব।’ পাশাপাশি ভোটারদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, শাপলা কলি প্রতীকের প্রার্থীর প্রচারণাকে আমানত হিসেবে নিয়ে কাজ করার জন্য।
ডা. মাহমুদা মিতু বলেন, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের ঘোষণার সময়ই তিনি জানিয়েছিলেন, ঝালকাঠি-১ আসনে জামায়াত জোটের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নেবেন।











