চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। আজ রোববার ভোরে নগরের ষোলোশহর এলাকায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ব্যানারে এই মিছিল বের হয়। মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৫ থেকে ২০ জন কর্মী ভোরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে ঝটিকা মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন আনোয়ারুল হক ওরফে ইশান, রাজন দাশ ও সৈকত চন্দ্র ভৌমিক। তিনজনের বাসা চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায়। এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।











