ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ভোট গণনা শুরু হয়েছে। অনেক কেন্দ্র থেকে ইতোমধ্যে গণনার জন্য ব্যালট বাক্স নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
এবার সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়। সংসদ নির্বাচনের ব্যালট ছিল সাদা-কালো রঙের, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের। গণনার শুরুতে প্রথমে রঙ অনুযায়ী ব্যালট পেপার আলাদা করা হচ্ছে। এরপর সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পৃথকভাবে গণনা করা হবে।
সারা দেশের বেশ কিছু কেন্দ্রে ছোটখাটো সহিংসতার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত সারা দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ভোট পড়েছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।
ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব জানান, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সারা দেশে কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত করা হয়নি।











