দেশের পাঁচ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কার্ডের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নগদ অর্থ সহায়তা পাবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরাসরি নগদ সহায়তা দেওয়া হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে তা অবশ্যই বিধি অনুযায়ী করতে হবে এবং কোনো ধরনের মব সৃষ্টির মাধ্যমে চাকরিচ্যুত করা গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নগদ অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। কার্ড বিতরণের ক্ষেত্রে হতদরিদ্র পরিবার ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, আসন্ন ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এরপর ধাপে ধাপে দেশের বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। তিনি আরও বলেন, প্রথমে হতদরিদ্র পরিবারগুলোকে কার্ড দেওয়া হবে, এরপর পর্যায়ক্রমে অন্যান্য দরিদ্র পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।
সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আশা করা হচ্ছে।











