আসন্ন জাতীয় নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের একটি ‘ইন্ডিপেন্ডেন্ট’ বা স্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশের চারটি বিভাগে নির্বাচন পর্যবেক্ষণ করবে। বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বৈঠক শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের সার্বিক পরিবেশ, আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যাতায়াত ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। একই সঙ্গে নির্বাচনের দিন ভোটগ্রহণ কীভাবে পরিচালিত হবে, সে বিষয়েও আগ্রহ দেখানো হয়।
ইসি সচিব আরও জানান, যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে যে প্রতিনিধি দল আসবে, তারা নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বা ফরমাল অবজার্ভার হিসেবে নিবন্ধিত নন। তারা স্বাধীনভাবে ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং পরে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সেনেটে একটি প্রতিবেদন উপস্থাপন করবেন বলে জানা গেছে।
তিনি বলেন, প্রতিনিধি দল কীভাবে পর্যবেক্ষণ করবেন বা কোন পদ্ধতিতে কাজ করবেন—সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এ বিষয়ে কমিশনের এখতিয়ারও নেই। তবে প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ও নামের তালিকা নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে।
ইসি সচিবের ভাষ্য অনুযায়ী, তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের যাতায়াত ও অন্যান্য লজিস্টিক বিষয়ে সহায়তা করবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত এই কার্যক্রম সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট প্রতিনিধিদলের নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় পরিচালিত হবে।











