ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর তাকে পদ থেকে সরিয়ে দিয়েছে সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে এজাজের নিয়োগ প্রক্রিয়া ও এর পেছনের সুপারিশ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।
সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগটি সত্য হলে সেটি অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে জুলকারনাইন সায়ের প্রশ্ন তোলেন, গত বছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কেন এবং কী বিবেচনায় মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো একটি চিঠির কথাও তিনি উল্লেখ করেন।
পোস্টে বলা হয়, এক বছরেরও কম সময়ের মধ্যে আসিফ মাহমুদের সরাসরি সুপারিশে নিয়োগ পাওয়া মোহাম্মদ এজাজের বিরুদ্ধে একের পর এক দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ সামনে এসেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগের তদন্ত শুরু করেছে। পাশাপাশি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন।
জুলকারনাইন সায়ের আরও প্রশ্ন রাখেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঠিক কী কারণে মোহাম্মদ এজাজকে এত গুরুত্বপূর্ণ একটি সরকারি পদের জন্য সুপারিশ করেছিলেন, তিনি এজাজকে কীভাবে চিনতেন এবং এসব অপকর্মের দায় থেকে তিনি আদৌ নিজেকে এড়িয়ে নিতে পারবেন কি না।











