দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দিন আর নেই বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনে ১১ দলের প্রার্থী ও এনসিপি নেতা সারজিস আলম। তিনি বলেন, “বিপ্লবী প্রজন্ম ঘুমিয়ে নেই। প্রয়োজন হলেই তারা মাঠে নামবে। সব জুলুমের জবাব এবার ব্যালটের মাধ্যমে দেবে।”
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের তুলারডাঙ্গা এলাকায় এক প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, “শেখ হাসিনা ভারতে বসে সিদ্ধান্ত নেবে—ওই দিন আর নেই। দেশের বাইরে বসে অন্য কোনো দেশ বা এজেন্ট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে, সেই সময় শেষ। সাহস থাকলে তারা বাংলাদেশে আসুক। দেশের মানুষই দেখিয়ে দেবে তাদের অবস্থান।”
তিনি আরও বলেন, “প্রশাসন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় রাজনীতিবিদদের ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে পারলে এবং জনগণের সঙ্গে ইনসাফ করতে পারলে আমরা এই বাংলাদেশকে মুক্ত করতে পারব ইনশাআল্লাহ।”
মানুষের ব্যাপক সাড়া পাওয়ার কারণ ব্যাখ্যা করে সারজিস বলেন, “আমরা ১১টি দল অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জুলুম করিনি, চাঁদাবাজি করিনি, মিথ্যা মামলা দিইনি। হয়তো সবাইকে উপকার করতে পারিনি, কিন্তু ক্ষতি করিনি। এই জায়গা থেকেই মানুষ আশাবাদী হচ্ছে।”
তিনি বলেন, “মানুষ বলছে—ভোটের দিন ব্যালটের বিপ্লব দেখাবে। সব জুলুমের উত্তর এবার ব্যালটের মাধ্যমেই দেবে। আমরা যদি স্বচ্ছ ভোট নিশ্চিত করতে পারি, তাহলে শুধু পঞ্চগড়-১ নয়, সারা বাংলাদেশেই ১১ দল ঐক্যবদ্ধভাবে সরকার গঠন করবে।”
বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে সারজিস বলেন, “পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী যদি বলে প্রশাসন তাদের সহযোগিতা করছে, তাহলে তারা নিজেদের দোষ ঢাকতে মিথ্যা বলছে। তারা কোনো নিয়ম মানছে না, প্রশাসনকে তোয়াক্কা করছে না।”
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করতে না পারেন, নিয়ম মানাতে না পারেন, তাহলে দায়িত্ব ছেড়ে দিন। আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই।”
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির স্থানীয় নেতারা মানুষকে এবং সনাতন ধর্মালম্বীদের হুমকি দিচ্ছে। সারজিস বলেন, “যাদের পাখনা দ্রুত গজায়, তাদের পাখনাও দ্রুত ভেঙে যায়। মানুষ এবার ইনসাফের পক্ষে থাকবে, জুলুমের বিরুদ্ধে থাকবে।”











