ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। জনগণের ভোটেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, ‘দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। এ ধরনের নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ব্যালটেই বিএনপি বিজয়ী হবে।’ তিনি বলেন, ‘বর্তমান সংকট থেকে দেশকে মুক্ত করতে হলে ব্যালটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি হবে জনগণের বিজয়ের দিন, গণতন্ত্র পুনরুদ্ধারের দিন।’
নারীসমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘যারা পরিকল্পিতভাবে নারীদের সম্মানহানি করছে, তাদের বিরুদ্ধে নারীসমাজই রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমেই নারীরা তাদের উপযুক্ত জবাব দেবে। নারীরা সচেতন, সাহসী এবং ভোটাধিকার প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।’
তিনি অভিযোগ করে বলেন, ‘একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে। এসব অপতৎপরতা দেশের নারীসমাজ কখনোই মেনে নেবে না।’
গণসংযোগকালে দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের মাঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় বিএনপির বার্তা পৌঁছে দিতে হবে। বিএনপি জনগণের দল। ক্ষমতায় এলে দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্ভব। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।’
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।











