ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান মা হুরে জান্নাতকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে চান্দগাঁও আবাসিক বি ব্লকস্থ সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন।
ভোট দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “গণতান্ত্রিক অভিযাত্রায় আজ এক নতুন অধ্যায় শুরু হলো। আজ আমি অত্যন্ত আনন্দিত যে আমরা নাগরিক অধিকার তথা ভোটাধিকার নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করতে পারছি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এ দেশের মানুষ দীর্ঘদিন সংগ্রাম করেছে ও আত্মত্যাগ করেছে। আমাদের নেত্রী, আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন এই সংগ্রাম করেছেন। ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল।”
সুফিয়ান আশা প্রকাশ করেন, “গণতন্ত্র আজকে ফিরে পাওয়ার ধারা অব্যাহত থাকবে এবং মানুষ লাইন ধরে ভোট প্রদান করবে। আজকের দিনে একমাত্র প্রত্যাশা, যেন কোনো অপশক্তি জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক ও নিরাপদ দেশ।











