বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের একাধিক বড় প্রকল্প থেকে সরে দাঁড়ানো এবং তার জায়গায় অন্য অভিনেত্রীদের নেওয়ার গুঞ্জন। আট ঘণ্টার বেশি কাজ না করার শর্ত এবং পারিশ্রমিক বাড়ানোর দাবির কারণে ইতোমধ্যেই একাধিক ছবিতে নির্মাতাদের সঙ্গে তার মতবিরোধের খবর প্রকাশ্যে এসেছে।
এই শর্তের কারণেই প্রথমে সন্দীপ রেড্ডী বাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েন দীপিকা। পরে ওই ছবিতে তার পরিবর্তে অভিনয় করেন তৃপ্তি ডিমরী। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, কাজের সময়সীমা ও পারিশ্রমিক সংক্রান্ত শর্ত নিয়ে নির্মাতাদের সঙ্গে সমঝোতা না হওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এবার একই ইস্যুতে নাগ অশ্বিন পরিচালিত আলোচিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল নিয়েও তৈরি হয়েছে নতুন জল্পনা। প্রথম পর্বে দীপিকার অভিনীত চরিত্রটি ছিল গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, যা ছাড়া সিকুয়েল কল্পনা করাই কঠিন বলে মনে করছেন অনেক দর্শক। তবে নির্মাতাদের একাংশের দাবি, কাজের ক্ষেত্রে ‘দায়বদ্ধতার অভাবের’ কারণেই তাকে সিকুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, দীপিকার জায়গায় এবার সাই পল্লবীকে দেখা যেতে পারে। যদিও এখনো পর্যন্ত নির্মাতা কিংবা সংশ্লিষ্ট অভিনেত্রীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে দর্শকদের একাংশের ধারণা, সিকুয়েলে দীপিকার চরিত্রটিকে মৃত দেখানো হতে পারে এবং সাই পল্লবীকে সম্পূর্ণ নতুন একটি চরিত্রে পরিচয় করানো হবে।
দীপিকা বাদ পড়ার পর শুরুতে গুঞ্জন উঠেছিল, ওই চরিত্রে আলিয়া ভাটকে দেখা যেতে পারে। তবে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন সাই পল্লবীই। শেষ পর্যন্ত কোন অভিনেত্রী চরিত্রটি পাচ্ছেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।
প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র জানায়, প্রভাস অভিনীত এই ছবির জন্য দীপিকা প্রায় ২০ দিনের শুটিংও সম্পন্ন করেছিলেন। তবে কাজ শুরুর পরই মতবিরোধ চরমে ওঠে। অভিযোগ রয়েছে, পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি দিনে ৭ থেকে ৮ ঘণ্টার বেশি কাজ না করার শর্ত দেওয়ার পরই নির্মাতারা ছবিটি থেকে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানান।











