দক্ষিণী সিনেমার আলোচিত তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। পর্দার রসায়ন ছাপিয়ে বাস্তব জীবনেও যে তাঁদের সম্পর্ক গভীর, তা ইন্ডাস্ট্রির অন্দরে দীর্ঘদিন ধরেই ওপেন সিক্রেট। তবে বিয়ে ও বাগদান নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন দুজনই। এবার সেই নীরবতা কিছুটা ভাঙলেন রাশমিকা মান্দানা।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রাশমিকা। এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারিতেই নাকি চার হাত এক হতে পারে এই তারকা জুটির—এমন খবরও ছড়িয়েছে বিনোদন অঙ্গনে।
এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে প্রসঙ্গে প্রশ্নের মুখোমুখি হন রাশমিকা মান্দানা। কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর আসন্ন বিয়ে নিয়ে জানতে চাওয়া হলে, গুঞ্জন পুরোপুরি অস্বীকার না করে সংযত ও কৌশলী জবাব দেন অভিনেত্রী।
রাশমিকা বলেন,
“এই ধরনের আলোচনা তো গত চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।”
অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সবকিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বিজয় ও রাশমিকা।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছিল, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে অত্যন্ত ঘরোয়া। সেখানে কেবল দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদেরই উপস্থিত থাকার কথা রয়েছে।
তবে এসব জল্পনার মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক মন্তব্যে রাশমিকা আবারও স্পষ্ট করে জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না।
অভিনেত্রীর ভাষায়,
“আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করছি না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।”
প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও সে বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। তবে আংটি আড়াল করতেও দেখা যায়নি তাঁদের। পাপারাজ্জিদের ক্যামেরায় একাধিকবার ধরা পড়েছে সেই মুহূর্ত।
সব মিলিয়ে, স্পষ্ট স্বীকারোক্তি না করেও নীরবতা ও ইঙ্গিতের মধ্য দিয়েই আপাতত অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে চলেছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। কবে তাঁদের সম্পর্কের পরবর্তী অধ্যায় শুরু হবে—সেদিকেই তাকিয়ে আছেন ভক্তরা।











