নির্বাচনী কেন্দ্রগুলোর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে সেনাবাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করতে পারে, তবে তা হবে সম্পূর্ণভাবে নির্ধারিত ‘রুলস অব এনগেজমেন্ট’ অনুসরণ করে।
এই তথ্য জানিয়েছেন সেনা সদরের সামরিক অপারেশন্স পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।
বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনী কেন্দ্রগুলোর পরিস্থিতি বিবেচনা করে অতিরিক্ত বল প্রয়োগের প্রয়োজন হলে রুলস অব এনগেজমেন্টের ক্রমান্বয়ে প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোটের আগে বা পরে কোনো মবের ঘটনা ঘটলে সশস্ত্র বাহিনী সরকার, নির্বাচন কমিশন, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রেখেছে।
জেনারেল মনজুর হোসেন উল্লেখ করেন, সশস্ত্র বাহিনী নির্বাচনের সঙ্গে নিয়োজিত সকল অসামরিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত এবং জনগণকে নিরাপদ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য আশ্বস্ত করতে কাজ করছে।











