বেলা তিনটা নাগাদ ভোটকেন্দ্রে উপস্থিতি কমতে থাকলেও প্রতিবেশী নাতির হাত ধরে বুথে পৌঁছেছেন বয়সের ভারে ন্যুব্জ বৃদ্ধা আমিনা খাতুন। টেকনাফ শাহপরীরদ্বীপ ডাংগর পাড়া সরকারি প্রাথমিক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি জানান, “বয়স অনেক হয়েছে, শরীরেও অসুখ আছে, তবে স্বপ্ন নিয়ে শেষ ভোট দিতে এসেছি। ভোট নষ্ট করা গোনাহ। আমি চাই, ভোটের মাধ্যমে দেশে শান্তি ফিরে আসুক।”
তার সঙ্গে কেন্দ্রে আসা আক্তার ফারুক বলেন, “দাদির দীর্ঘদিনের ইচ্ছা শেষ বয়সে পূরণ হলো। ভোট দিতে পেরে দারুণ খুশি।”
প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আলী জানান, বুথে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং এ পর্যন্ত কোনো অনিয়ম হয়নি।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মোট ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৪৯টি ঝুঁকিপূর্ণ। মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৮১৯ জন, যার মধ্যে নারী ভোটার ১ লাখ ৮২ হাজার ৫৫১ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৬৮২ জন এবং হিজড়া ভোটার ৬ জন। এখানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল লড়াই সীমাবদ্ধ বিএনপি ও জামায়াতের মধ্যে।











