বলিউড অভিনেতা শহিদ কাপুর ও মীরা রাজপুতের দাম্পত্য জীবন পেরিয়েছে প্রায় ১১ বছর। দুই সন্তানের মা মীরা সংসারের পাশাপাশি নিজের প্রসাধনী সংস্থা ও ফিটনেস সেন্টারের ব্যবসাও সফলভাবে সামলাচ্ছেন। এতদিন তিনি পরিচিত ছিলেন মূলত শহিদ-পত্নী হিসেবেই।
তবে বলিউডের অন্দরমহলের গুঞ্জন বলছে, খুব শিগগিরই অভিনয় জগতে পা রাখতে পারেন মীরা রাজপুত কাপুর। নায়িকা হিসেবে আত্মপ্রকাশের বিষয়ে তিনি নাকি আশ্বাসও পেয়েছেন জনপ্রিয় পরিচালক ফারহা খানের কাছ থেকে।
বর্তমানে ফারহা খান নিয়মিত নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগ বানাচ্ছেন। সেখানে প্রায়ই দেখা যায় তাঁর প্রিয় রাঁধুনি দিলিপকে সঙ্গে নিয়ে নানা আয়োজন। সম্প্রতি এমনই এক ভ্লগে মুম্বাইয়ের গুরগাঁও এলাকার একটি বহুতলের ভার্চুয়াল ট্যুর করাচ্ছিলেন তিনি। ওই সময় সেখানে উপস্থিত ছিলেন মীরা রাজপুত।
কথা প্রসঙ্গেই ফারহা খান মীরাকে উদ্দেশ করে বলেন, ‘কী সুন্দর দেখাচ্ছে তোকে! তুই কিন্তু নায়িকা হতে পারিস। আমার ছবিতে অভিনয় করবি?’—এই মন্তব্যের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়।
‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’ ও ‘তিস মার খান’-এর মতো সুপারহিট ছবির পরিচালক ফারহা খান বেশ কয়েক বছর ধরে চলচ্চিত্র পরিচালনা থেকে বিরত থাকলেও ক্যামেরার বাইরে যাননি। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই আবার চলচ্চিত্র পরিচালনায় ফিরবেন।
এখন প্রশ্ন একটাই—ফারহা খানের পরবর্তী ছবিতেই কি নায়িকা হিসেবে দেখা যাবে মীরা রাজপুত কাপুরকে? নাকি বড়পর্দায় তাঁর অভিষেকের জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে?











