গত বছরের সেপ্টেম্বরে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। তার স্বামী তানজিম তৈয়ব বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, স্বামীকে দায়িত্বশীল মানুষ হিসেবে দেখতে পেয়ে তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তার ভাষায়, এই যুগে এমন সহজ-সরল ও আন্তরিক একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। স্বামীর আচরণ ও দায়িত্ববোধ তাকে সত্যিকারের একজন পুরুষের উদাহরণ বলেই মনে করিয়েছে।
পোস্টে নিজের অতীত জীবনের কথাও তুলে ধরেন শবনম ফারিয়া। তিনি জানান, একসময় আবার বিয়ে করার কথা ভাবতেই পারতেন না। কাছের মানুষদের কাছ থেকে পাওয়া সান্ত্বনা ও বিশ্বাসই তাকে নতুন করে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। তাদের কথামতোই আল্লাহ এখন তার জীবনে শান্তি ও স্থিতি ফিরিয়ে এনেছেন বলে মনে করেন অভিনেত্রী।
নতুন সংসার জীবন নিয়েও অনুভূতি ভাগ করে নেন শবনম ফারিয়া। তিনি জানান, মাত্র কয়েক দিন হলো তারা নিজেদের নতুন বাসায় উঠেছেন। এই অল্প সময়েই স্বামীকে পরিবারের দায়িত্বশীল একজন মানুষ হিসেবে গড়ে উঠতে দেখে নিজের জীবনকে সার্থক মনে হচ্ছে তার।
উল্লেখ্য, এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিয়ে। তার স্বামী তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।











