বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার প্রদান অনুষ্ঠান বাফটা অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
এই সম্মানজনক আয়োজনটি পরিচালনা করে British Academy of Film and Television Arts (বাফটা)। অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে উপস্থিত থাকবেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কিলিয়ান মার্ফি, ব্রায়ান ক্র্যানস্টন, কেট হাডসনসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেতা অ্যালেন কামিং।
আগামী ২২ ফেব্রুয়ারি, রবিবার লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। বিশ্বের সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের তারকারা এতে অংশ নেবেন।
আলিয়ার এই উপস্থিতি ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করেছেন।
এর আগে ‘মেট গালা’ ও কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে নিজের উপস্থিতি, স্টাইল ও আত্মবিশ্বাস দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার বাফটার মঞ্চে তার ফ্যাশন ও উপস্থিতি নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এর আগে প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাডুকোন বাফটার মঞ্চে উপস্থাপক হিসেবে অংশ নিয়ে আন্তর্জাতিক দর্শকদের প্রশংসা পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার আলিয়া ভাট ভারতের চলচ্চিত্র শিল্পের প্রতিনিধিত্ব করবেন বলে মনে করা হচ্ছে।











