সংবাদমাধ্যমের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ করে এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি সংশ্লিষ্ট বক্তব্যগুলো লাইভ প্রচার করা হলেও তাদের বক্তব্য প্রকাশ করা হচ্ছে না।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে প্রতীক বরাদ্দ পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রশ্ন রাখেন, মিডিয়ার মধ্যে কোনো ‘ক্যু’ হয়ে গেছে কি না।
নিজের আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তার লোকজন বাসাবাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড চাইছে এবং মানুষকে বিরক্ত করছে। তিনি এসব বিষয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরও বলেন, সবার উচিত সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। ভয়ভীতি ও হয়রানির রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
‘তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক রহমান। প্রভু চেঞ্জ করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না।’
তিনি বলেন, তারা কোনো দলের বিরুদ্ধে নন, বরং দেশের পক্ষে থাকতে চান। তবে দেশের চেয়ে কোনো দল বড় হয়ে উঠলে তার বিরুদ্ধে অবস্থান নেওয়াই দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।











