চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর শুটিং শেষ হয়েছে, এখন মুক্তির অপেক্ষা। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শুটিং শেষে আপাতত তিনি অন্যান্য কাজের প্রস্তুতিতে মনোযোগী হয়েছেন।
ছবিটি করার সিদ্ধান্ত নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে সাবিলা নূর বলেন, হুমায়ূন আহমেদের উপন্যাসের ‘চিত্রা’ চরিত্রের প্রস্তাব পাওয়ার পর থেকেই তার আগ্রহ তৈরি হয়। গত বছরের জুলাই মাসে নির্মাতা তানিম নূরের সঙ্গে প্রথম আলাপেই তিনি বুঝেছিলেন, এই প্রজেক্টে যুক্ত হওয়াটা তার জন্য সঠিক সিদ্ধান্ত হবে। শুটিং শেষে সেই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলেও জানান তিনি।
শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে সাবিলা বলেন, প্রায় ২০ দিনের মতো শুটিং করেছেন এবং এখন ডাবিং বাকি রয়েছে। এই টিমের সঙ্গে এটি তার প্রথম কাজ হলেও পুরো ইউনিট অত্যন্ত গুছিয়ে কাজ করেছে। প্রতিদিনের শুটিং পরিকল্পনা অনুযায়ী কাজ হওয়ায় অভিজ্ঞতাটি তার কাছে খুবই ভালো লেগেছে।
শুটিংয়ের কারণে দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন ও নিয়মিত জিম করতে না পারায় কিছুটা ওজন বেড়েছে বলেও জানান তিনি। তবে আবারও জিম রুটিনে ফিরছেন সাবিলা। সামনে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ‘গোলাম মামুন’ নামের একটি প্রজেক্টে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই চরিত্রে আরও বেশি টুইস্ট ও লেয়ার থাকায় চরিত্রের প্রয়োজনে তাকে কিছুটা ওজন বাড়াতে হবে বলেও জানান অভিনেত্রী।
দর্শকদের প্রত্যাশা প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ কোনো আর্ট ফিল্ম নয়, বরং এটি একটি কমার্শিয়াল সিনেমা। এখানে রোম্যান্স, কমেডি ও ট্রাজেডি—সবকিছুর সমন্বয় রয়েছে। প্রথাগত নাচ-গান না থাকলেও গল্পই ছবিটির সবচেয়ে বড় শক্তি। হুমায়ূন আহমেদের ভক্তদের পাশাপাশি যারা ‘উৎসব’ সিনেমাটি পছন্দ করেছেন, তারাও এই ছবি উপভোগ করবেন বলে তার বিশ্বাস।
টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রসঙ্গে সাবিলা বলেন, ধারাবাহিকটি তিনি ভীষণ মিস করেন। তবে প্রথমবার বড় বাণিজ্যিক প্রজেক্টে সুযোগ পাওয়ায় মনোযোগ অন্যদিকে সরাতে চাননি। বিশেষ করে ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করার কারণে তার পুরো মনোযোগ ওই প্রজেক্টেই ছিল। তবুও তিনি মনে করেন, ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন সিজন দারুণ হচ্ছে।











