ভালোবাসার আবহেই নতুন জীবনের পথে পা রাখলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া মুখোপাধ্যায়। ভালোবাসা দিবসের প্রাক্কালে, ৮ ফেব্রুয়ারি ‘প্রপোজ ডে’-তে দীর্ঘদিনের প্রেমিক সুচেতক করের সঙ্গে বাগদান সম্পন্ন করেন তিনি।
সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে আংটি বদল করেন তানিয়া ও সুচেতক। একসঙ্গে কাটানো সেই অন্তরঙ্গ ও বিশেষ মুহূর্তের ছবি দু’জনেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন। সাজসজ্জা থেকে শুরু করে পুরো আয়োজনটাই ছিল রূপকথার মতো। সমুদ্রের পাড়ে যেন বাস্তব হয়ে উঠেছিল তাঁদের স্বপ্নের এক টুকরো গল্প।
বাগদানের ছবি শেয়ার করে তানিয়া লেখেন, “স্বপ্ন তো অনেকেই দেখে, কিন্তু আমি সেই স্বপ্নে তোমাকেই চাই।” এই কথাতেই ধরা পড়ে তাঁদের সম্পর্কের গভীরতা।
তানিয়া ও সুচেতক দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন। সামাজিক মাধ্যমে তাঁদের একসঙ্গে নানা মুহূর্তের ছবি আগেও নজর কেড়েছে ভক্তদের। প্রেমের সেই গল্প এবার বাগদানের মাধ্যমে নতুন এক অধ্যায়ে পৌঁছাল। যদিও কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন, সে বিষয়ে এখনো কিছু জানাননি।
কাজের দিক থেকে তানিয়াকে বর্তমানে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে। সেখানে ‘ইনকা’ চরিত্রে মুখ্য খলনায়িকার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন তিনি। পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও বাস্তব জীবনে তানিয়া যে একেবারেই ভিন্ন, তা ভক্তদের অজানা নয়।
এর আগেও বিভিন্ন ধারাবাহিকে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন তানিয়া। অভিনয় দক্ষতা নিয়ে বরাবরই প্রশংসিত এই অভিনেত্রীর নতুন জীবনের শুরুতে শুভেচ্ছায় ভাসছেন ভক্ত ও সহকর্মীরা। হঠাৎ বাগদানের খবরে অনেকেই চমকে গেলেও আনন্দের কমতি নেই। এখন দেখার অপেক্ষা, কবে সুচেতকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তানিয়া।











