ছোট পর্দায় একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেতা ইফতেখার তুহিন ইফতির জীবনে এলো নতুন এক আনন্দঘন অধ্যায়। বাবা হলেন এই অভিনেতা। ৩১ জানুয়ারি ভোরে তার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা ২৮ মিনিটে রাজধানীর ধানমন্ডির গ্রেস হাসপাতালে জন্ম নেয় ইফতির প্রথম সন্তান। নবজাতকের আগমনে দারুণ আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। প্রথমবার বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।
ইফতি বলেন, সন্তানের জন্মের আনন্দকে তিনি গ্রিক বীর আলেকজান্ডারের দিকবিজয়ের আনন্দের সঙ্গে তুলনা করতে চান। তার ভাষায়, সন্তানকে প্রথম কোলে নেওয়ার মুহূর্তে মনে হয়েছে যেন পুরো একটি পৃথিবী জয় করে ফেলেছেন তিনি।
সদ্যোজাত সন্তানকে ঘিরে স্বপ্ন দেখতেও শুরু করেছেন অভিনেতা। তবে সেই স্বপ্নটা একটু ভিন্ন। তিনি জানান, ভবিষ্যতে তার ছেলে কী হবে তা সময়ই বলে দেবে, তবে তার ব্যক্তিগত ইচ্ছা—ছেলে যেন ক্যামেরার পেছনের একজন দক্ষ চিত্রপরিচালক হিসেবে গড়ে ওঠে।
পরিবার সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে ইফতির পরিবার ও ভক্তদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।











