নির্বাচনী কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড বা বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমু হাসান।
তিনি জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬টি সংসদীয় আসনের ২৫টি উপজেলায় ৫ হাজার নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুতুবদিয়া কন্টিনজেন্ট পরিদর্শন শেষে নৌপ্রধান এই মন্তব্য করেন। এর আগে তিনি বিভাগীয় কমিশনার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি ব্রিফিংয়ে অংশ নেন।
নৌবাহিনী প্রধান জানান, সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনীর সাতটি জাহাজ মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের সার্বিক কার্যক্রম, নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি তিনি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি উল্লেখ করেন, নির্বাচন ঘিরে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সন্ত্রাসীদের প্রতি নৌবাহিনী কঠোর থাকবে।











