কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ফসলি জমি থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং তিনজনকে কারাদণ্ড দিয়েছেন।
রবিবার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন। অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দায়ী ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এ ছাড়া একই রাতে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় পৃথক আরেকটি অভিযানে অবৈধভাবে মাটি কাটার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও জানান, ফসলি জমির উর্বর টপ সয়েল নষ্ট হয়ে গেলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই অবৈধভাবে মাটি কাটা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার রাতের অভিযান ছিল ধারাবাহিক তদারকির অংশ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











