আগামীকাল বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট প্রদানের আগে নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনেক ভোটার জাতীয় পরিচয়পত্র নম্বরকেই ভোটার নম্বর মনে করেন, যা ভিন্ন। এতে ভোট দিতে গিয়ে সময় এবং শ্রমের অপচয় হতে পারে।
নির্বাচন কমিশন ঘরে বসেই ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে চারটি সহজ উপায় চালু করেছে:
১. অ্যাপের মাধ্যমে:
গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপ ডাউনলোড করুন। ড্যাশবোর্ডে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশন ক্লিক করুন। জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।
২. কলের মাধ্যমে:
ভোটাররা ১০৫ নম্বরে কল করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানা থাকতে হবে।
৩. এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে লিখুন: PC <স্পেস> এনআইডি নম্বর এবং ১০৫ নম্বরে প্রেরণ করুন। ফেরতি এসএমএসে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানানো হবে।
৪. ওয়েবসাইটের মাধ্যমে:
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনু থেকে এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা সম্ভব। এছাড়া এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলেও ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যায়। অনেক ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখা যায়।
ভোটাররা আগে থেকে নিজের ভোটার নম্বর ও ভোটকেন্দ্র জানলে নির্বাচনের দিন কোনো জটিলতায় পড়বেন না।











