রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী। শুক্রবার (৩০ জানুয়ারি) শহরের পাবলিক হেলথ এলাকায় বিএনপির একটি উঠান বৈঠক শেষে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।
জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে এই নেতাকর্মীরা বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে দলবদলের ঘোষণা দেন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, কোনো ধরনের লোভ বা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং বিএনপির রাজনীতি ও আদর্শের প্রতি আস্থার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির নেতৃত্ব ও রাজনৈতিক দর্শন তাদের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে।
এ সময় মো. আজিজুল হক বলেন, “আগে আমরা জামায়াতে ইসলামীর রাজনীতিতে ছিলাম। কিন্তু এখন বিএনপির রাজনীতি আমাদের কাছে ভালো লাগছে। আজ থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করব।”
ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, “আপনারা সবাই মন দিয়ে দলের জন্য কাজ করবেন। আমাদের রাজনীতি দেশ ও মানুষের জন্য, কোনো ধর্মভিত্তিক রাজনীতি নয়। আমি বিশ্বাস করি, এই আদর্শকে সামনে রেখেই আপনারা বিএনপিতে যোগ দিয়েছেন।”
এই উঠান বৈঠক ও যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টোসহ জেলা ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।











