লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আটকরা হলেন মো. ইমরান ও মো. সজিব। বুধবার দিবাগত রাতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর আলেয়াপুরের সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলা সেনাবাহিনী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন আরমান হাবিব অপু বিষয়টি নিশ্চিত করেন।
আটক মো. ইমরান চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে এবং মো. সজিব নোয়াখালীর আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে।
সেনাবাহিনী জানায়, আটক দুজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। উদ্ধারকৃত আলামতসহ আটক দুজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের টহল দল অংশ নেয়।











