ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বরিশালে সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শুরুর দুই ঘণ্টায় জেলায় ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন বরিশালের রিটার্নিং অফিসার খায়রুল আলম সুমন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সময়ে এই হার রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, দুর্গম কিছু এলাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কিছুটা কম। তবে সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।
নির্বাচনের পরিবেশ সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো সমস্যার খবর পাওয়া যায়নি। দুই-এক জায়গায় ছোটখাটো সমস্যা দেখা দিলেও তাৎক্ষণিকভাবে সেগুলোর সমাধান করা হয়েছে।
সব মিলিয়ে বরিশালে নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর ও নিয়ন্ত্রণে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।











