দীর্ঘ ১৩ বছরের বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে আবারও শ্রোতাদের সামনে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ‘মাওলা’ শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। শিরোনাম গানসহ অ্যালবামের অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।
ছয়টি গানে ছয় ধরনের ভিন্ন সংগীতধারা তুলে ধরার পরিকল্পনা রয়েছে বালামের। তবে প্রতিটি গানেই মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন প্রজন্মের শ্রোতাদের কথা বিবেচনায় রেখে জেন–জি শ্রোতাদের রুচিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই অ্যালবামে।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, আবার সিরিয়াসভাবে গান করার ইচ্ছা থেকেই এই অ্যালবামের পরিকল্পনা। তার মতে, একক গান দিয়ে সব শ্রোতার প্রত্যাশা পূরণ করা কঠিন হলেও অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকায় শিল্পী ভিন্ন ভিন্ন শ্রোতার কাছে পৌঁছাতে পারেন। ‘মাওলা’ অ্যালবামেও সেই বৈচিত্র্য থাকছে।
এই অ্যালবামের ছয়টি গানের সুর ও সংগীতায়োজন বালাম নিজেই করেছেন। তবে গীতিকারদের নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে অ্যালবামের সব গান অডিও আকারে প্রকাশ করা হবে। পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি পাবে।
‘মাওলা’ বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে তার প্রকাশিত চারটি অ্যালবাম— ‘বালাম’, ‘বালাম ২’, ‘বালাম ৩’ ও ‘ভুবন’— শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এসব অ্যালবামের বহু গান এখনো শ্রোতাপ্রিয়তার তালিকায় রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন নতুন অ্যালবাম না আনলেও ২০২৩ সালে সিনেমা ‘প্রিয়তমা’র জনপ্রিয় গানের মাধ্যমে আবারও আলোচনায় ফেরেন বালাম। এরপর তিনি ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন।











