দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মান একুশে পদক-২০২৬ পাচ্ছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি।
কিংবদন্তি গায়ক, গিটারিস্ট ও সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু এবং চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ পদক প্রদান করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এ বছর একুশে পদকপ্রাপ্তরা হলেন—
চলচ্চিত্রে ববিতা, চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু, ব্যান্ড মিউজিকে ওয়ারফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার এবং নৃত্যকলায় অথৈ আহমেদ।
রাষ্ট্রীয়ভাবে শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে একুশে পদক তুলে দেওয়া হবে বলে জানানো হয়।











