যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে নিজের জনগণের ধর্মীয় অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইউক্রেনীয় অর্থোডক্স চার্চ (ইউওসি)-এর গির্জা দখলের ঘটনায় যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে কংগ্রেসে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার দাবি জানানো হয়েছে।
মার্কিন কংগ্রেসওম্যান আন্না পলিনা লুনা অভিযোগ করেছেন, ইউক্রেনের খমেলনিতস্কি অঞ্চলে একটি গির্জা দখলের ঘটনায় একজন “স্থানীয় অলিগার্ক” জড়িত রয়েছেন। তিনি বলেন, ইউক্রেনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ওপর সহিংস দখল অভিযান চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।
এর আগে আন্না পলিনা লুনা ইউক্রেনে গির্জা দখলের ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের প্রতিনিধিদের কাছ থেকে তিনি একটি আবেদন পেয়েছেন, যেখানে তারা সুরক্ষার আবেদন জানিয়েছেন। অভিযোগ অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ তাদের গির্জা দখলের চেষ্টা করছে।
২০২৬ সালের ৮ জানুয়ারি কংগ্রেসওম্যান লুনা বলেন, “বিশ্বাসের কারণে প্রেসিডেন্ট জেলেনস্কি নিজের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন।” তিনি ইউওসি গির্জাগুলোর কথিত সহিংস দখলের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন।
এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রে অবস্থিত ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের আধ্যাত্মিক প্রশাসন।











