ইরানের পর কিউবার সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসে এই হুমকি দেন তিনি।
ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর কিউবার বিরুদ্ধে মার্কিন পদক্ষেপ শুরু হতে পারে। কিউবা ইস্যুতে ‘চমৎকার কাজ’ করার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, “কিউবায় যা ঘটছে তা আশ্চর্যজনক। আমরা প্রথমে ইরান শেষ করতে চাই। তবে কিউবা সময়ের ব্যাপার মাত্র।” ট্রাম্প আরও উল্লেখ করেন, তার প্রশাসন বিভিন্নভাবে অভাবনীয় সাফল্য অর্জন করেছে এবং সামরিক বাহিনীকে গড়ে তুলেছে ও পুনর্গঠন করেছে।
এর আগে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো ও কিউবাকে আলটিমেটামের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে বলা হয়েছিল। হাভানা যদি চুক্তি না করে, তবে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে এবং তেল রপ্তানি করলে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেওয়া হয়েছে।











