মালয়েশিয়ার পেনাং উপকূল থেকে প্রায় ৫১২ মিলিয়ন রিঙ্গিত (প্রায় ১২৯.৯ মিলিয়ন ডলার) মূল্যের অপরিশোধিত তেলসহ দুইটি বিশাল ট্যাংকার জব্দ করেছে দেশটির মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)।
অবৈধভাবে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের সময় এসব ট্যাংকার আটক করা হয়।
এমএমইএ জানায়, গত সপ্তাহে পেনাংয়ের মুকা হেড এলাকা থেকে প্রায় ২৪ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে জাহাজ দুইটি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেখা যায়, ট্যাংকার দুটি সমুদ্রে নোঙর করে পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় অপরিশোধিত তেল স্থানান্তর করছিল।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মেরিটাইম ক্যাপ্টেন মুহাম্মদ সুফি মোহাম্মদ রামলি জানান, জব্দকৃত জাহাজ দুইটির মোট বাজারমূল্য প্রায় ৭১৮ মিলিয়ন রিঙ্গিত। ট্যাংকার দুটিতে চীন, বার্মা, ইরান, পাকিস্তান ও ভারতের মোট ৫৩ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজ দুইটির ক্যাপ্টেনকে গ্রেপ্তার করে তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুমতি ছাড়া নোঙর করার অপরাধে প্রতিটি জাহাজকে সর্বোচ্চ ১ লাখ রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হতে পারে। পাশাপাশি অবৈধভাবে তেল স্থানান্তরের দায়ে প্রতিটি জাহাজের বিরুদ্ধে আরও ২ লাখ রিঙ্গিত করে জরিমানার বিধান রয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ার জলসীমা প্রায়ই সমুদ্রে তেলের প্রকৃত উৎস গোপন করতে অবৈধ তেল স্থানান্তরের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এ ধরনের কার্যক্রম রোধে দেশটির সরকার গত বছরের জুলাইয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল। সর্বশেষ এই অভিযানকে সেই কঠোর অবস্থানেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।











