ভারতের ওপর আরোপিত শুল্ক ৫০ শতাংশ কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিপাক্ষিক বাণিজ্যে বাধা কমানো এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনিজুয়েলা থেকে তেল আমদানিতে সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধা এবং তাঁর অনুরোধের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কার্যকর একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে।
ট্রাম্প আরও বলেন, নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও অন্যান্য পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ২৫ শতাংশ পারস্পরিক শুল্কের পাশাপাশি রাশিয়ান তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের সব আমদানির ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কও প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র।
এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নিজের টুইটার (এক্স) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি লেখেন, তাঁর প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে তিনি দারুণ আনন্দিত এবং ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।











