থাইল্যান্ডের উত্তরাঞ্চলে একটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির বিমানবাহিনীর বরাতে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
থাইল্যান্ডের বিমানবাহিনীর মুখপাত্র জানান, ‘এটি-৬টিএইচ’ (AT-6TH) মডেলের একটি প্রশিক্ষণ বিমান নিয়মিত ফ্লাইট অনুশীলনের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি দুই আসনবিশিষ্ট ছিল এবং এতে থাকা উভয় পাইলটই ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) অভিযানের প্রশিক্ষণের অংশ হিসেবে উড়ান চলাকালে চিয়াং মাই প্রদেশের একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল জনবসতি থেকে দূরে হওয়ায় কোনো বেসামরিক স্থাপনা বা সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়নি।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্তকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি নাকি মানবিক ভুল—তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের এপ্রিল মাসে ব্যাংককের দক্ষিণাঞ্চলের একটি পর্যটন এলাকায় প্যারাশুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সাগরে বিধ্বস্ত হয়ে ছয় পুলিশ কর্মকর্তা নিহত হন, যা দেশটিতে সামরিক ও প্রশিক্ষণ বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছিল।











