তীব্র শীতকালীন ঝড়ের পর নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা বিপুল পরিমাণ তুষার অপসারণে বিশেষ উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ।
গত সপ্তাহে হওয়া ঝড়ে শহরের অনেক এলাকায় প্রায় এক ফুট বা ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়। ঝড় থেমে গেলেও তাপমাত্রা এখনো হিমাঙ্কের নিচে থাকায় বরফ স্বাভাবিকভাবে গলছে না, ফলে জনজীবনে তৈরি হয়েছে ভোগান্তি।
নতুন করে আরেকটি ঝড়ের আশঙ্কায় আগে থেকেই জমে থাকা বরফ দ্রুত সরানোর কাজে নেমেছে কর্তৃপক্ষ। এ কাজে ব্যবহার করা হচ্ছে বড় আকারের বিশেষ যন্ত্র, যা ‘স্নো হট টাব’ নামে পরিচিত। প্রতিটি যন্ত্র প্রতি ঘণ্টায় প্রায় ৬০ থেকে ১২০ টন পর্যন্ত তুষার গলাতে সক্ষম।
নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই কার্যক্রমে আড়াই হাজারেরও বেশি কর্মী দিন-রাত কাজ করছেন। রাস্তার পাশে ও গুরুত্বপূর্ণ এলাকায় জমে থাকা বরফ ট্রাকে করে সংগ্রহ করে ‘স্নো হট টাব’ যন্ত্রে ঢালা হচ্ছে। যন্ত্রের ভেতরে থাকা পানির তাপে দ্রুত বরফ গলে পানিতে পরিণত হচ্ছে।
গলানো পানিকে বিশেষ প্রক্রিয়ায় পরিষ্কার করে পরে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে পরিবেশ ও নগরের পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব না পড়ে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদ্ধতিতে তুলনামূলক দ্রুত ও নিরাপদভাবে বরফ অপসারণ সম্ভব হচ্ছে।
নগর কর্তৃপক্ষ আরও জানায়, তাদের প্রধান লক্ষ্য হলো বাস চলাচলের প্রধান সড়কগুলো দ্রুত পরিষ্কার রাখা। এতে করে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ সহজে স্কুল, কলেজ ও কর্মস্থলে যেতে পারবে। একই সঙ্গে পথচারী ও যানবাহনের দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করা হচ্ছে।











