মালয়েশিয়া থেকে পণ্যবোঝাই কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাওয়া একটি কার্গো জাহাজ থাইল্যান্ডের ফুকেট উপকূলে দুর্ঘটনার কবলে পড়েছে। পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ (MV Sealloyd Arc) নামক জাহাজটি গভীর সমুদ্রে ডুবে গেলেও এতে থাকা ১৬ বাংলাদেশি নাবিককে থাই নৌবাহিনীর বিশেষ দলের মাধ্যমে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ফুকেট উপকূল থেকে প্রায় ৪ নটিক্যাল মাইল দূরে আন্দামান সাগরে দুর্ঘটনা ঘটে। জাহাজটির বাংলাদেশি এজেন্ট ‘আলভি লাইন্স বাংলাদেশ’ জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে ২০০টির বেশি কনটেইনার নিয়ে জাহাজটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল। ফুকেট উপকূলে পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে জাহাজটি প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে পানি ঢুকতে শুরু করে।
অপারেশনাল ম্যানেজার বোরহান উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় জাহাজের ক্যাপ্টেন এটিকে ‘পরিত্যক্ত’ ঘোষণা করেন। থাই নৌবাহিনীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১৬ বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃত নাবিকদের বর্তমানে থাইল্যান্ডের ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে। তারা সবাই শারীরিকভাবে সুস্থ এবং নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ করে কয়েক দিনের মধ্যে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।
জাহাজটিতে থাকা প্রায় ২০০টি কনটেইনারের অধিকাংশ সমুদ্রে ডুবে গেছে। কিছু কনটেইনার ভাসমান অবস্থায় রয়েছে। জাহাজটি ১২ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা ছিল। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য থাই নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এছাড়া দুর্ঘটনাস্থলে তেল ছড়িয়ে পড়া রোধে থাইল্যান্ডের পরিবেশ রক্ষা বিভাগ কাজ করছে।











