নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে স্কটল্যান্ড। রোববার নেপালের কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে স্কটিশ মেয়েরা ৪১ রানের ব্যবধানে পরাজিত করে যুক্তরাষ্ট্রকে।
টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ গড়ে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রের ইনিংস গুটিয়ে যায় ১৩৭ রানেই।
এই জয়ের ফলে ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা নিশ্চিত করে স্কটল্যান্ড। সমান ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই ও চার নম্বরে রয়েছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। এই চার দলই বাছাইপর্ব থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত শুরু পায় স্কটল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ৪১ রান। ওপেনার ক্যাথরিন ফ্রেসার ১০ বলে ১৭ রান করে আউট হন। এরপর ক্যাথরিন ব্রাইস রানের খাতা খুলতে না পারলেও উইকেটরক্ষক ব্যাটার সারাহ ব্রাইস করেন ৯ বলে ১২ রান।
দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার ডার্সে কার্টার। মাত্র ৩২ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যালিসা লিস্টার। এছাড়া প্রিয়ানাজ চ্যাটার্জী ৩৯ রান করেন। মেগান ম্যাককোল, ল্যাচেল স্লাটার ও কোলে অ্যাবেল খুব বেশি অবদান রাখতে পারেননি।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যুক্তরাষ্ট্র। টপ অর্ডারের ব্যাটাররা কিছুটা প্রতিরোধ গড়লেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন এল্লা ক্লারিজ। চেতনা প্যাগিদইয়ালা করেন ২৪ রান। বাকিদের কেউই ২০ রানের ঘর ছুঁতে পারেননি।











