টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য এই ম্যাচ ঘিরে বিশ্ব ক্রিকেটে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ম্যাচটির বিজয়ী দল উঠবে ফাইনালে, যেখানে ইতোমধ্যেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
মুখোমুখি এই বড় ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে—যদি বৃষ্টির কারণে ম্যাচটি ভেসে যায়, তাহলে ফাইনালে উঠবে কোন দল?
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য আইসিসি একটি বিকল্প পরিকল্পনা করেছে। সেমিফাইনালের জন্য রাখা হয়েছে একটি রিজার্ভ ডে। যদি বৃহস্পতিবার ম্যাচটি বৃষ্টির কারণে সম্পূর্ণ না হয়, তবে শুক্রবার রিজার্ভ ডে-তে পুনরায় ম্যাচ খেলা হবে। এছাড়া ম্যাচ শেষ করতে অতিরিক্ত ৯০ মিনিট সময় রাখা হয়েছে। প্রয়োজনে রিজার্ভ ডে-তে অতিরিক্ত দুই ঘণ্টা সময় দেওয়া হবে।
টি-টোয়েন্টি ম্যাচ বৈধ হিসেবে গণ্য হতে হলে দুই দলকেই অন্তত ১০ ওভার খেলা বাধ্যতামূলক। যদি বৃষ্টির কারণে কোনো দলই ১০ ওভার খেলতে না পারে, তাহলে ম্যাচটি ‘নো রেজাল্ট’ হিসেবে ঘোষণা করা হবে।
যদি ম্যাচ পরিত্যক্ত হয় এবং ফলাফল নির্ধারণ করা সম্ভব না হয়, তবে ফাইনালে ওঠার সিদ্ধান্ত নেওয়া হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী। সুপার এইটে গ্রুপ-১ এ ভারত দুই জয় ও এক হারে মোট ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। অন্যদিকে, গ্রুপ-২ এ ইংল্যান্ড তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
ফলে বৃষ্টির কারণে ম্যাচ পুরোপুরি পরিত্যক্ত হলে ইংল্যান্ড ফাইনালে উঠবে এবং ভারতের বিদায় নিশ্চিত হবে।
উল্লেখ্য, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল জয় পেয়ে ইতোমধ্যেই নিউজিল্যান্ড ফাইনাল নিশ্চিত করেছে। তাই ভারত-ইংল্যান্ড ম্যাচের ফলাফলই নির্ধারণ করবে ফাইনালে কাদের মুখোমুখি হবে কিউইরা।











