সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি আল-ফাতেহের বিপক্ষে মাঠে ফিরবেন এই তারকা।
৪১ বছর বয়সী রোনালদো ইতিমধ্যেই আল-নাসরের দুটি ম্যাচ বয়কট করেছেন। তবে তার অনুপস্থিতিতেও দল আল-ইত্তিহাদ ও আল রিয়াদের বিপক্ষে জয় পেয়েছে।
রোনালদোর অসন্তোষের মূল কারণ সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে মতবিরোধ। বিশেষ করে ট্রান্সফার উইন্ডোতে আল-নাসরকে প্রত্যাশিত সহায়তা না দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। রোনালদোর অসন্তোষ আরও বেড়ে যায়, যখন পিআইএফ-সমর্থিত ক্লাব আল-হিলাল জানুয়ারির দলবদলে আল-ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে ভেড়ায়।
পিআইএফ রোনালদোর প্রধান দাবিগুলো মেনে নেওয়ার পরই মাঠে ফেরার সিদ্ধান্ত নেন এই তারকা। আল-নাসরের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে এবং ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের আগের মতো স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে স্পোর্টিং ডিরেক্টর সিমাও কুতিনহো ও সিইও হোসে সেমেদো আবার দায়িত্ব পালন করতে পারবেন।
চলতি মৌসুমে রোনালদো আল-নাসরের হয়ে ২২ ম্যাচ খেলেছেন, করেছেন ১৮ গোল এবং তিনটি অ্যাসিস্ট। সৌদি প্রো লিগে আল-নাসর বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে, শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে।











