মার্কিন সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান অভিযান সীমিত করার প্রস্তাব পাস হয়নি। বৃহস্পতিবারের ভোটে প্রস্তাবটি ৪৭-৫৩ ব্যবধানে খারিজ করা হয়েছে। ভোট প্রায় সম্পূর্ণভাবে দলীয় লাইনে হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
প্রস্তাবটির পক্ষে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন সিনেটর র্যান্ড পল, এবং বিপক্ষে রিপাবলিকানদের সঙ্গে ভোট দেন সিনেটর জন ফেটারম্যান। প্রস্তাবটির উদ্দেশ্য ছিল ইরানে সামরিক অভিযানে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা সীমিত করা।
তবে কংগ্রেসই কেবল আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে। প্রস্তাবটি পাস হলে মার্কিন বাহিনীকে ইরানে চলমান অভিযানের থেকে সরিয়ে আনা যেত, কিন্তু তা না হওয়ায় যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
এখন একই বিষয়ে ভোট হবে মার্কিন প্রতিনিধি পরিষদে, যা শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ক্যাপিটল হিলে কিছু সিনেটর জানিয়েছেন, যদি সামরিক অভিযান কয়েক সপ্তাহের বেশি দীর্ঘায়িত হয়, তারা ভবিষ্যতে যুদ্ধক্ষমতা সীমিত করার প্রস্তাবের পক্ষে ভোট দিতে পারেন।











