নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল পাঠানোর অনুমতি দেয়নি সরকার। তবে একই সময়ে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান রাইফেল ও পিস্তল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশের শ্যুটিং দলকে অনুমতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বুধবার (২৮ জানুয়ারি) শ্যুটিং দলের ভারত সফরের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক এই প্রতিযোগিতা আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে।
সরকারি সূত্র জানায়, শ্যুটিং চ্যাম্পিয়নশিপটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে বলে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে যুব ও ক্রীড়াসচিব মো. মাহবুব-উল-আলম একটি জাতীয় দৈনিককে বলেন, বাংলাদেশের পক্ষ থেকে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ অংশ নিচ্ছেন। দলটি ছোট হওয়ায় এবং আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তা পাওয়ায় সরকার এই সফরের অনুমতি দিয়েছে।
তিনি আরও জানান, প্রতিযোগিতাটি সম্পূর্ণ ইনডোর ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যা নিরাপত্তার দিক থেকে তুলনামূলকভাবে ঝুঁকিমুক্ত। সব দিক বিবেচনা করেই শ্যুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এই সফরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন দেশের অন্যতম সেরা শ্যুটার রবিউল ইসলাম। তিনি আগামী ৫ ফেব্রুয়ারি নিজের ইভেন্টে অংশগ্রহণ করবেন। দলের কোচ হিসেবে থাকবেন শারমিন আক্তার।











