ভারতের ঝাড়খণ্ড রাজ্যের কুদসাই গ্রামে ডাইনি অপবাদ দিয়ে এক নারী ও তার ১০ মাস বয়সী সন্তানকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় নিহত নারীর স্বামীও গুরুতরভাবে দগ্ধ হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে এবং আরও জড়িত ব্যক্তিদের খুঁজছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে কয়েকটি গবাদিপশুর আকস্মিক মৃত্যু এবং স্থানীয় বাসিন্দার অসুস্থতাকে কেন্দ্র করে গুজব ছড়ানো হয় যে, জ্যোতি সিংকু নামে ওই নারী জাদুটোনা বা ডাইনিবিদ্যা চর্চা করছেন। উত্তেজনা বাড়তে বাড়তে স্থানীয়রা ওই নারী ও শিশুর উপর হামলা চালায়।
হামলাকারীদের মধ্যে পাঁচজন নারীও ছিলেন। কোলহান সিংকু নামের আহত স্বামী হাসপাতালে শুয়ে জানিয়েছেন, তিনি সালিশের মাধ্যমে সমাধান চাইলে হামলাকারীরা কোনো কথা শোনেনি। জেলা পুলিশ হত্যার সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত অন্যান্য ব্যক্তিদের ধরতে বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পাশাপাশি গ্রামে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ প্রচার ও কর্মসূচি চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।











