লিওনেল মেসির চেনা ছন্দের একক গোল ও একটি অ্যাসিস্টে ইকুয়েডরের কুইটোতে প্রীতি ম্যাচে বার্সেলোনা এসসির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি। এস্তাদিও বানকো পিচিনচায় শনিবার অনুষ্ঠিত ম্যাচে নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে মাঠে নামে দুই দল।
৩১ মিনিটে মেসি নিজের অর্ধ থেকে বল নিয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন, যা ২০২৬ সালে তার প্রথম গোল হিসেবে নথিভুক্ত হলো। এরপর জোয়াও রোহাসের গোলে সমতায় ফেরে বার্সেলোনা এসসি। প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও এগিয়ে যায় মায়ামি, যখন মেসি নিখুঁত ক্রস-ফিল্ড পাস দেন এবং বক্সের কিনারা থেকে শট নেন মায়ামির নতুন ফরোয়ার্ড জার্মান বার্তেরামে, যা গোল হিসেবে জালে জড়িয়ে যায়।
মেসি বদলি হলে মাঠে আসেন লুইস সুয়ারেজ। মনে হচ্ছিল, জয় নিয়েই মাঠ ছাড়বে মায়ামি, কিন্তু ৮৭ মিনিটে বাজে ফাউলের জন্য লাল কার্ড দেখেন মায়ামির বদলি খেলোয়াড় ডেভিড আয়ালা। এ সুযোগ কাজে লাগিয়ে বার্সেলোনা এসসি কাছ থেকে গোল করে সমতায় ফেরে তোমাস মার্তিনেস।
নতুন মৌসুমের আগে মায়ামি শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভালের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। তাদের ২০২৬ এমএলএস অভিযান শুরু হবে ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে।











