ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত বাইজি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিক নিহত এবং ছয়জন আহত হয়েছেন। সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
সালাহউদ্দিন প্রদেশের বাইজি তেল শোধনাগারের একটি ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। একসময় এটি ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার হিসেবে পরিচিত ছিল।
ইরাকি সরকারের নিরাপত্তাবিষয়ক মিডিয়া ইউনিট জানায়, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কর্মকর্তা আদেল আল-দাজের মতে, কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে।
বাইজি শোধনাগারটি ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর তৎকালীন দখলের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘ সংস্কারকাজ শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এটি পুনরায় চালু করা হয়।
ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ, এবং দেশের মোট বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশ আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।











