কাঁধের চোটের কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার ইশান মালিঙ্গা। তার বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রমোদ মাদুশানকে।
চলতি মাসের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে চোট পান মালিঙ্গা। বৃষ্টিবিরতির পর ইনিংস শুরু করতে গিয়ে প্রথম বল করার সময় ফলো-থ্রুতে নিজের নন-বোলিং কাঁধ ধরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরবর্তীতে জানা যায়, তার কাঁধে ডিসলোকেশন হয়েছে। এই চোটের কারণে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামতে পারেননি ডানহাতি এই পেসার।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সুবাদে শ্রীলঙ্কার পেস আক্রমণে নিজের অবস্থান শক্ত করেছিলেন মালিঙ্গা। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি অভিষেকের পর এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ৯.৪১ ইকোনমি রেটে নিয়েছেন ৮টি উইকেট।
তার পরিবর্তে দলে আসা প্রমোদ মাদুশানও খেলেছেন ৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ফাস্ট বোলার ২০২৩ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন। এখন পর্যন্ত ৮.৬৩ ইকোনমি রেটে তার শিকার ১২ উইকেট।
শ্রীলঙ্কা তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ৮ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘বি’-তে থাকা শ্রীলঙ্কা পরে ওমান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের মুখোমুখি হবে। লক্ষ্য থাকবে সুপার এইটে জায়গা করে নেওয়া।











