বার্সেলোনার উদীয়মান তারকা লামিনে ইয়ামাল ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজের শৈশবের আইডল নেইমারের সঙ্গে করা এক ‘মজার চুক্তি’র কথা প্রকাশ করেছেন। এই অভিনব চুক্তির কথা জানার পর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানান, বার্সেলোনার কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচের ঠিক আগমুহূর্তে নেইমারের সঙ্গে তার ফেসটাইমে কথা হয়। সেই আলাপচারিতার মধ্যেই হালকা মজা থেকে দু’জনের মধ্যে একটি শর্তে সম্মতি হয়, যা পরে রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
ইয়ামাল বলেন, ‘আমি নেইমারের সঙ্গে একটা চুক্তি করেছি। যদি ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও ব্রাজিল মুখোমুখি হয়, তাহলে আমরা দু’জন একসঙ্গে ছুটিতে যাব।’ তরুণ এই উইঙ্গারের ভাষ্যে, এটি ছিল নিছক বন্ধুত্বপূর্ণ ও মজার একটি চুক্তি, তবে বিষয়টি তার কাছে বিশেষ অর্থ বহন করে, কারণ নেইমার তার শৈশবের অন্যতম প্রিয় খেলোয়াড়।
এতেই শেষ নয়। ইয়ামাল আরও জানান, আসন্ন বিশ্বকাপে তিনি যদি গোল করতে পারেন, তাহলে সেই গোল উদ্যাপনের মাধ্যমে বিশেষভাবে নেইমারকে সম্মান জানাতে চান। তার ইঙ্গিত অনুযায়ী, উদ্যাপনটি হতে পারে নেইমারের বিখ্যাত কোনো সেলিব্রেশনের প্রতি শ্রদ্ধা, যা ফুটবলভক্তদের জন্য বাড়তি আনন্দের উপলক্ষ তৈরি করতে পারে।
আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে। বর্তমান পারফরম্যান্স ও দলগত শক্তির বিবেচনায় স্পেনকে সম্ভাব্য শিরোপা দাবিদার হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক। তরুণ প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে স্পেন দল নতুন করে আশার সঞ্চার করেছে।
অন্যদিকে, ব্রাজিলের হয়ে নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ এখনো পুরোপুরি নিশ্চিত নয়। হাঁটুর অস্ত্রোপচারের পর তার ফিটনেস ও পুনর্বাসন প্রক্রিয়ার ওপর নির্ভর করবে বিশ্বকাপে তার খেলা। তবু ইয়ামাল ও নেইমারের এই ‘মজার চুক্তি’ ইতোমধ্যেই বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের কল্পনাকে উসকে দিয়েছে।











